,

18 April 2025, 2:31 PM

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট টাইম : April 18, 2025 2:31 PM



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি : চাকরিতে ডিপ্লোমা ডিগ্রিধারীদের কোটা বাতিল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা হোল্ডারদের জন্য শতভাগ সিট নিশ্চিত করার দাবির বিরুদ্ধে বিক্ষোভ করেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ (SEC) এর শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে তাদের দাবি জানানো হয়।

শিক্ষার্থীদের দাবি হচ্ছে, প্রকৌশল নবম গ্রেডে (সহকারী প্রকৌশলী বা সমমান পদে) শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া। কারিগরি দশম গ্রেডে (উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ) সবার জন্য উন্মুক্ত করা। বিএসসি ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ যেন “প্রকৌশলী” পদবি ব্যবহার করতে না পারে, সে বিষয়ে আইন পাস করে গেজেট প্রকাশ করা।

শিক্ষার্থীদের বক্তব্য, ডিপ্লোমা ডিগ্রিধারীদের প্রভাবশালী গোষ্ঠীর কারণে বিএসসি ইঞ্জিনিয়াররা চাকরির বাজারে ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি চাকরিতে দশম গ্রেডে শতভাগ ডিপ্লোমাধারীদের নিয়োগ এবং নবম গ্রেডে পদোন্নতিতে ৩৩.৩% কোটা দেওয়া হচ্ছে। এছাড়া, নবম গ্রেডে তাদের কোটা ৫০% করার দাবিও উত্থাপিত হয়েছে, যা মেধাভিত্তিক নিয়োগের পরিপন্থী।

তারা আরও অভিযোগ করেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দশম গ্রেডে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে পরবর্তীতে সরাসরি নবম গ্রেডে পদোন্নতি পাচ্ছেন, যা বিসিএস ক্যাডারদের সমমানের পদ। এতে বিএসসি ডিগ্রিধারীরা পেশাগতভাবে পিছিয়ে পড়ছেন।

শিক্ষার্থীরা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল সকল প্রকার বৈষম্য দূর করার আন্দোলন। কিন্তু ডিপ্লোমা কোটার মতো অন্যায্য ব্যবস্থা এখনও বহাল থাকায় তা শহীদদের আত্মার সাথে বিশ্বাসঘাতকতা। তাই দ্রুত এই কোটা প্রথা বাতিলের দাবি জানানো হয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে তারা মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে সিট পেলেও, ডিপ্লোমা হোল্ডাররা নতুন প্রস্তাবিত ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজে তাদের জন্য ১০০% সিট সংরক্ষণের দাবি করছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

এই আন্দোলনে শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, মেধা ও সমতার ভিত্তিতে চাকরি ও শিক্ষার সুযোগ নিশ্চিত না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

শেয়ার করুন