৩০ মে ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ণ
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মে ২০২৫ বিকাল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম, পিপিএম-সেবা।
সভায় ঈদ উপলক্ষে সড়ক, সেতু ও রেলপথে যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, মার্কেট ও কোরবানির পশুর হাটের নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বয় সাধন করা হয়।
কমিশনার মো. রেজাউল করিম বলেন, পশুর হাটে নির্দিষ্ট ব্যানার থাকা সত্ত্বেও বিভিন্ন হাটের লোকজন জোরপূর্বক গরু নামিয়ে নেয়, যা অপ্রত্যাশিত ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ ধরনের ঘটনা রোধে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে। তিনি ফুটপাত বা সড়কের ওপর গরুর হাট বসানো নিষিদ্ধ করেন, যা জনদুর্ভোগ ও যানজট সৃষ্টি করে।
তিনি দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারীদের নিরাপদ স্থান নির্বাচন ও একত্রে অবস্থানের পরামর্শ দেন। এছাড়া ঈদ উপলক্ষে গরুর হাটে জাল টাকার ব্যবহার রোধে সচেতনতা বাড়ানোর ও জালনোট শনাক্তকরণ যন্ত্র ব্যবহারের তাগিদ দেন। ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, আবাসিক ভবন ও শপিং মলে নিরাপত্তা রক্ষীদের সতর্কতা বৃদ্ধিরও নির্দেশনা দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, বিজিবি, ডিজিএফআই, সিলেট সিটি কর্পোরেশন, এনএসআই, র ্যাব-৯ সিলেট, জেলা প্রশাসক সিলেট, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট, সিভিল সার্জন সিলেট, প্রাণী সম্পদ অধিদপ্তর সিলেট, বাংলাদেশ রেলওয়ে সিলেট, সড়ক ও জনপথ বিভাগ সিলেট, বাংলাদেশ ব্যাংক সিলেট, ফায়ার সার্ভিস সিলেট, আনসার ও ভিডিপি সিলেট, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট ও ইসলামিক ফাউন্ডেশন সিলেটের প্রতিনিধিবৃন্দ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, পরিবহন সংগঠনের সদস্য ও কোরবানির পশুর হাটের ইজারাদারগণসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন।