,

21 April 2026, 5:30 PM

সুশৃঙ্খল পরিবেশে জৈন্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপস্থিত ১৫ শিক্ষার্থী

আপডেট টাইম : April 21, 2026 5:30 PM



শেয়ার করুন

সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ন্যায় উৎসবমুখর ও অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সিলেটের জৈন্তাপুরে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষা। আজ মঙ্গলবার ২১ এপ্রিল সকাল দশটায় একযোগে উপজেলার ছয়টি কেন্দ্রে পরীক্ষার্থীরা এই গুরুত্বপূর্ণএকাডেমিক পরীক্ষায় অংশগ্রহণ করে।

প্রথম দিনে বাংলা প্রথম পত্র এবং মাদ্রাসা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী উপজেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে মোট ১ হাজার ২৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ২৭১ জন উপস্থিত ছিল। ব্যক্তিগত ও বিভিন্ন অনিবার্য কারণে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল মোট ১৫ জন শিক্ষার্থী।

উপজেলা শিক্ষা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের আসন বিন্যাস ও নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দুটি পৃথক কেন্দ্রসহ এম আহমেদ পাবলিক স্কুল, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরী কলেজ এবং ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসে। প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সচিব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। বিশেষ করে হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শতভাগ উপস্থিতির বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে আনন্দিত করেছে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন পরীক্ষার সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে জানান যে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। মেধাবী প্রজন্মের এই অগ্রযাত্রায় প্রশাসনের প্রতিটি স্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ নিরলসভাবে কাজ করছেন।

শিক্ষা বোর্ডের ঘোষিত সময়সূচী অনুসারে আগামী ২০ মে পর্যন্ত লিখিত পরীক্ষাগুলো চলবে এবং এরপর ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষাগুলো সম্পন্ন করার সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় সচেতন মহল এবং অভিভাবকরাও প্রশাসনের এমন দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন।

শেয়ার করুন