১৫ আগস্ট ২০২৩, ১:১৪ পূর্বাহ্ণ
মোঃ সাজ উদ্দিন, জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি: সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক জৈন্তাপুর সীমান্তে বিজিবি টহল দলকে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনাকালে চোরাকারবারীদের হামলার চেষ্টা এবং পরবর্তীতে ভারতীয় চিনি সহ ২ জনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ১৪ আগস্ট (সোমবার) বিকাল ০৫:৩০ ঘটিকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার করিমটিলা নামক স্থানে চোরাচালানী মালামাল আটকের উদ্দেশ্যে ফাঁদ পেতে অবস্থান করে। আনুমানিক সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় কিছু চোরাকারবারী সীমান্ত পিলার ১২৮৭/৮-এস এর নিকট দিয়ে চোরাচালানী মালামালের বস্তা মাথায় নিয়ে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি টহল দল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা দেশীয় অস্ত্র রাম-দা ও বাঁশের লাঠি দ্বারা বিজিবি টহল দলের উপর আক্রমণের চেষ্টা করে। কিন্তু বিজিবি টহল দল অত্যন্ত সুকৌশলে চোরাকারবারীদের হামলা প্রতিহত করে এবং চোরাকারবারীদের নিবৃত করে দেশীয় অস্ত্র রাম-দা ও বাঁশের লাঠি কেড়ে নেয়। এ সময় চোরাকারবারীরা পালানোর চেষ্টা করলে বিজিবি টহল দল তাদের ০৩ বস্তা (১২০ কেজি) ভারতীয় চিনি, দেশীয় অস্ত্র রাম দা-০১ টি ও বাঁশের লাঠি-০১টি সহ জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গৌরীসংকর গ্রামের মোঃ নূর উদ্দিন এর ছেলে মোঃ লিমন আহম্মেদ (২৪) এবং ইমন আহম্মেদ (২০) আটক করতে সক্ষম হয়।
জৈন্তাপুর বিওপি’র ক্যাম্প কমান্ডার বিষয়টি নিশ্চিত করে বলেন- আসামী সহ আটককৃত মালামাল জৈন্তাপুর থানায় সোপর্দ করা হবে। উক্ত ঘটনায় বিজিবি টহল দলের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।