21 March 2026, 6:35 PM
স্টাফ রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত ৮২৭ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদত্ত ঈদ অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার নগরভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রত্যেকের হাতে নগদ ৫ হাজার টাকা করে মোট ৪১ লাখ ৩৫ হাজার টাকা তুলে দেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই অনুদান দেওয়া হয়।
এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা শাখার সুপারভাইজার ও পরিবহন শাখার চালকদের মধ্যেও সিসিকের নিজস্ব তহবিল থেকে ঈদ অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে সিলেটসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ঈদ উপলক্ষে এই অনুদান পেয়েছেন, যা একটি মানবিক উদ্যোগ। তিনি পরিচ্ছন্নতাকর্মীদের কাজের প্রশংসা করে নগরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সিলেট একটি গুরুত্বপূর্ণ পর্যটন নগরী উল্লেখ করে তিনি বলেন, দেশ-বিদেশের অসংখ্য মানুষ এখানে ভ্রমণে আসেন এবং হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। তাই সিলেটকে পরিচ্ছন্ন ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। আমরা সে লক্ষ্যেই কাজ শুরু করেছি। এ ক্ষেত্রে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন। এ সময় সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।