,

27 April 2025, 10:22 PM

দিরাইয়ে প্রান্ত দাস হত্যায় শাকিল আহমেদ গ্রেফতার

আপডেট টাইম : April 27, 2025 10:22 PM



শেয়ার করুন

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে প্রান্ত দাস হত্যার ঘটনায় অভিযুক্ত খুনি শাকিল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (২৬ এপ্রিল) রাত ১২টায় উপজেলার তলবাউসি গ্রামের পাশের হাওর থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।

ঘটনার বিস্তারিত জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টায় দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসি গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে চান মিয়ার ছেলে শাকিল আহমেদ এবং সেবক দাসের ছেলে নিহত প্রান্ত দাসের বড় ভাই পলাশ দাসের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এ সময় পলাশ শাকিলকে আঘাত করলে শাকিল বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর শাকিল একটি বল্লম নিয়ে ফিরে এসে পলাশকে খুঁজতে থাকে।

পলাশকে না পেয়ে শাকিল তার ছোট ভাই প্রান্ত দাস (২০) কে পলাশের কোথায় জিজ্ঞাসা করে। এতে প্রান্ত ক্ষুব্ধ হলে শাকিল তার বল্লম দিয়ে প্রান্তকে আঘাত করে। এতে গুরুতর আহত প্রান্ত মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন ঘটনাস্থলে এলে শাকিল পালিয়ে যায়।

আহত প্রান্তকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মনি রানি তালুকদার তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তবে এখনও এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।

শেয়ার করুন