3 June 2025, 1:35 AM
মাহফুজ কাউসার ছাদি : সিলেট উইমেন্স চেম্বারের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো: আল জুনায়েদ। তিনি সিলেট উইমেন চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৫-এর বিস্তারিত তফসিল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক( উপসচিব) ও উইমেন্স চেম্বারের নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান সুবর্ণা সরকার,সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) ও উইমেন্স চেম্বারের প্রশাসক নুরের জামান চৌধুরী, নির্বাচন বোর্ডের সদস্য ও সিনিয়র সহকারী কমিশনার মেরিনা দেবনাথ, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাচন বোর্ড সদস্য রেজা-ই-রাব্বী, আপীল বোর্ড সদস্য ও সিনিয়র সহকারী কমিশনার তমালিকা পাল, আপীল বোর্ড সদস্য ও সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হোসাইন মো. আল-জুনায়েদ জানান, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী আগামী ৩০ আগস্ট ২০২৫ (শনিবার) সিলেট উইমেন চেম্বারের দুই বছরের (২০২৫-২০২৭) জন্য ১১ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১ জন সভাপতি, ১ জন সহ-সভাপতি ও ৯ জন পরিচালক নির্বাচিত হবেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, প্রাথমিক ভোটার তালিকা ১০ জুলাই প্রকাশিত হবে। আপত্তি দাখিল, শুনানি ও চূড়ান্ত তালিকা প্রকাশের পর ১৭ থেকে ২৪ জুলাই প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হবে। মনোনয়ন বাছাই, আপত্তি ও শুনানির পর ১০ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ হবে ৩০ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। ফলাফল ঘোষণার পর আপিলের সুযোগ দেওয়া হবে।
ব্রিফিংয়ে স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার বলেন, “বিগত কালো অধ্যায়ে নির্বাচন সুষ্ঠু হয়নি, তবে এখন নতুন সূর্য উদিত হয়েছে। তাই সুষ্ঠু নির্বাচন হবে, এতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) বিভাগীয় সভাপতি নাজমুল কবির পাবেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার,বাসসের সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল ,সাংবাদিক মো. জসিম উদ্দিন, দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার মাহফুজ কাউসার ছাদি এবং সিলেট উইমেন চেম্বারের সদস্যবৃন্দ।