,

9 March 2026, 2:37 AM

জ্বালানি সাশ্রয়ের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর

আপডেট টাইম : March 9, 2026 2:37 AM



শেয়ার করুন

জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রবিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কমিটির উপদেষ্টা হিসেবে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি সংকট দেখা দিতে পারে। তাই সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। প্রধানমন্ত্রী নিজেও তাঁর অফিস কক্ষে লাইট ও এসি ব্যবহারে সংযমী হয়েছেন, যা সবার জন্য বিদ্যুৎ সাশ্রয়ের বার্তা।

ঈদকে সামনে রেখে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, ছিনতাই প্রতিরোধে নজরদারি বাড়াতে হবে এবং মার্কেট ও পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। ছিনতাইকারীরা ঘটনা ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়, তাই মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ ও মার্কেটের ভেতরে মোটরসাইকেল প্রবেশ বন্ধ করতে হবে। শুধু ছিনতাইকারী ও কিশোর গ্যাং নয়, তাদের পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করতে হবে। আটকের পর কেউ তাদের ছাড়িয়ে নিতে এলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

প্রবাসীদের জন্য সিলেটে আধুনিক মানের স্বল্প ব্যয়ের আবাসন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় অনেক প্রবাসী রাতে বিমানবন্দরে এসে থাকার জন্য উপযুক্ত হোটেল পান না। এ বিষয়টি বিবেচনায় রেখে জিন্দাবাজারের ওভারসিজ ভবনে আধুনিক সুবিধাসম্পন্ন ১০তলা একটি ভবন নির্মাণ করা হবে। এতে হোটেল, ট্রেনিং সেন্টার এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা থাকবে। পাশাপাশি প্রবাসীদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসার জন্য স্কুল ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন