১৮ আগস্ট ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ণ
সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা, সিলেট মহানগরীর আম্বরখানায় নবনির্মিত একটি ট্রাফিক পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানটি ১৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

উদ্বোধনকালে মোঃ রেজাউল করিম বলেন, “বাংলাদেশ পুলিশকে ৫ই আগস্টের পরবর্তী সময়ে একটি ট্রমাটাইজ অবস্থার মধ্য দিয়ে কাজ করতে হয়েছে। ট্রাফিকে যারা ডিউটি করেন, তাদেরকে ওয়াশরুম সুবিধাসহ রেস্ট ও কর্মপরিবেশ দেওয়ার জন্য মূলত আজকে আম্বরখানায় এই ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, “ট্রাফিক পুলিশ রৌদ্র ও বৃষ্টির মধ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু তাদের যখন ওয়াশরুমের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা সমস্যার সম্মুখীন হন। সেই প্রেক্ষাপটে বিভিন্ন পয়েন্টে একটি করে পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তাহলে যারা ডিউটি করবে, তারা অন্তত কষ্ট হলেও রিফ্রেশমেন্টের জন্য একটি জায়গা পাবেন।” এ সময় তিনি সাংবাদিকবৃন্দ, সিলেট সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।