,

3 August 2025, 11:28 PM

জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

আপডেট টাইম : August 3, 2025 11:28 PM



শেয়ার করুন

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী জুলাই বিপ্লবে তরুণদের ঐতিহাসিক সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এর চেতনা ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (৩ আগস্ট) বিকেল সাড়ে চারটায় নগরীর জালালাবাদ পার্কের সামনে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই বিপ্লবে তরুণরা ভয় না পেয়ে রাজপথে নেমে ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের অদম্য সাহস ও ত্যাগের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে প্রমাণিত হয়েছে যে ঐক্যবদ্ধ থাকলে ভয়ের প্রাচীর ভেঙে মুক্তি লাভ করা সম্ভব। তিনি জুলাই বিপ্লবের চেতনাকে বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের চেতনা হিসেবে উল্লেখ করে এ চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়ার এবং তরুণদের বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখা হয়েছে, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করার তাগিদ দেন।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সিলেট জেলা পরিষদের প্রশাসক দেবজিৎ সিংহের সভাপতিত্বে এবং সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ, সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান, নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রউফ শাহ এবং জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ। ছাত্র প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন আয়েশা সিদ্দিকা প্রিয়া ও ফখরুল হাসান।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের সম্মুখ ভাগের চত্বর থেকে নাগরি চত্বর, সার্কিট হাউসের সম্মুখ ভাগ এবং ক্বীন ব্রিজের উপর নির্মিত ‘জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ’ পরিদর্শন করেন। এই ভিজ্যুয়াল করিডোরটি জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ কর্তৃক নির্মাণ করা হয়েছে। এরপর বিকেল পাঁচটায় অতিথিবৃন্দ নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের সম্মুখে ‘গণজাগরণের গল্প: তরুণদের ক্যামেরায় জুলাই বিপ্লব’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।

উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের সম্মুখ ভাগের চত্বর থেকে শুরু হয়ে নাগরি চত্বর, সার্কিট হাউসের সামনের অংশ এবং ক্বীন ব্রিজের উপর প্রদর্শিত ‘জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ’ প্রদর্শনীটি গত ৩০ জুলাই থেকে শুরু হয়েছে এবং ‘গণজাগরণের গল্প: তরুণদের ক্যামেরায় জুলাই বিপ্লব’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীটি গতকাল রিকাবীবাজারে উদ্বোধন হয়। উভয় প্রদর্শনী চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।

শেয়ার করুন