১৯ নভেম্বর ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগানোর ও পরিশ্রমী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরিশ্রমী মানুষ কখনো বিফল হয় না, তাই পরনিন্দায় ব্যস্ত থেকে জীবনের মূল্যবান সময় নষ্ট করা যাবে না। পরনিন্দা থেকে বিরত থেকে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াতে হবে। রবিবার সিলেট জামিয়া কাসেমুল উলুম মাদ্রাসায় হযরত শাহজালাল (রহ.)-এর শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, মোবাইল মানুষের মূল্যবান সময় কেড়ে নেয়। মোবাইলে অহেতুক সময় কাটানোর চেয়ে দ্বীনি কাজে নিজেদের নিয়োজিত রাখা মঙ্গলজনক। আলেমদের উদ্দেশ্যে তিনি বলেন, উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি ও শৃঙ্খলার জন্য ধর্মীয় জ্ঞান গুরুত্বপূর্ণ। তিনি আলেমদেরকে আগামীর নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব নেওয়ার এবং রাষ্ট্র পরিচালনায় বেশি করে অংশগ্রহণের মাধ্যমে দেশের উন্নতি ত্বরান্বিত করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় মাদ্রাসার মোহতামিম মাওলানা মো: মাশরুখ উদ্দিন ও মুহাদ্দিস মাওলানা জুনাইদ আহমদ বক্তৃতা করেন। এসময় প্রাক্তন জেলা জজ কাউসার আহমদসহ মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে উপদেষ্টা হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।