১৩ জুলাই ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার : সিলেট শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন শাহী ঈদগাহ দলদলী চা বাগানের সাধারণ চা শ্রমিক পরিবারের মেয়ে সুষ্মিতা দাস। তার এই অসামান্য সাফল্যে সিলেটের সাধারণ পরিবারের শিক্ষার্থীদের জন্য নতুন প্রেরণার উৎস তৈরি হলো বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার নেতা ইব্রাহিম নীল।
ইব্রাহিম নীল আরও বলেন, চা শ্রমিকের মেয়ে সুষ্মিতা দাসের মতো মেধাবী শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ গড়তে অপরিহার্য ভূমিকা রাখবে। তিনি সংগঠনের পক্ষ থেকে সুষ্মিতা দাস ও তার পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নীল উল্লেখ করেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুষ্মিতা দাসের কলেজে ভর্তি এবং পড়াশোনার খরচ বহনে সহযোগিতা করতে প্রস্তুত, পাশাপাশি তার মতো সকল মেধাবী ও সংগ্রামী শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সুষ্মিতা দাস ও তার পরিবারকে সরাসরি অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম নীল ও মহসিনা রহমান, উম্মে ফেরদৌস প্রমি এবং সুষ্মিতা দাসের মা। সংগঠনটি সকলের সহযোগিতা নিয়ে একটি সুন্দর ও সমতাভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে বলে ইব্রাহিম নীল তার বক্তব্যে পুনর্ব্যক্ত করেন।