24 May 2025, 4:30 PM
সুয়েব রানা: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর থেকে ফতেহপুর-গোয়াইনঘাট এয়ারপোর্ট রোডের করুণ অবস্থা স্থানীয়দের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এলজিইডির আওতাধীন এই সড়কটিতে অসংখ্য গর্ত তৈরি হয়েছে, যেখানে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। ফলে প্রতিদিন শত শত পথচারী, শিক্ষার্থী, রোগীবাহী গাড়ি ও পর্যটকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
এই সড়কটি শুধু স্থানীয়দের জন্যই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের জন্যও গুরুত্বপূর্ণ। এটি রাতারগুল ও বিছনাকান্দির মতো জনপ্রিয় পর্যটন স্পটের সঙ্গে সরাসরি সংযুক্ত।
স্থানীয় বাসিন্দা বৃদ্ধ আছমা বেগম বলেন, “হাসপাতালে যাওয়ার জন্য রিকশা ডাকতে গিয়ে গর্তে পা পিছলে পড়ে গিয়েছি। এখন লোকজন রাস্তায় হাঁটতে ভয় পায়।”
টমটম চালক উসমান আলী বলেন, “প্রতিদিন গাড়ি চালাই, কিন্তু গর্তে কখন গাড়ি উল্টে যায় কে জানে! যাত্রী নামিয়ে ঠেলে গাড়ি বের করতে হয়।”
আরেক চালক আমিন উদ্দিন জানান, “এই রাস্তায় গাড়ি চালিয়ে যা আয় হয়, তা দিয়েই গাড়ি মেরামত করতে হয়। তবু চালাতে বাধ্য হচ্ছি, সংসার চালাতে তো হবে!”
স্থানীয়দের অভিযোগ, বর্ষায় রাস্তা পানিতে ডুবে যায়, গর্ত চোখে না পড়ায় অনেকেই আহত হন। একাধিকবার স্কুলছাত্রছাত্রীরাও দুর্ঘটনার শিকার হয়েছে। তারা বলেন, “আমরা আর আশ্বাস চাই না, চাই দ্রুত ব্যবস্থা।”
এ বিষয়ে ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিক আহমদ বলেন, “রাস্তাটি এলজিইডির অধীন। আমরা বিষয়টি তাদের জানিয়েছি, দ্রুত সংস্কার হবে বলে আশা করি।”
জৈন্তাপুর এলজিইডি প্রকৌশলী জানান, “সড়কটি আপগ্রেডিং প্রকল্পে প্রস্তাবিত আছে, অনুমোদন পেলে জুলাইয়ে কাজ শুরু হবে। তবে আপাতত কোনো অস্থায়ী সংস্কারের পরিকল্পনা নেই।”
এলাকাবাসীর প্রশ্ন, “ততদিন কি এই দুর্ভোগই সহ্য করতে হবে?”