17 February 2025, 2:14 AM
জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী বড় মসজিদ সংলগ্ন এলাকায় রাস্তা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘ’র্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি রাস্তা ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য আজ (রবিবার) বিকাল ২ ঘটিকার দিকে সালিশ বসেছিল। তবে সালিশ চলাকালীন উত্তেজনা বেড়ে গেলে এক পর্যায়ে সংঘ’র্ষ ছড়িয়ে পড়ে। সংঘ’র্ষে এক পক্ষের ১০ জন এবং অপর পক্ষের ১ জন আহত হন। আহতদের সবাইকে দ্রুত জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম’প্লেক্সে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, “সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এবং থানায় অভিযোগ দেওয়া হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকাবাসী যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করে, সে বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।
বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা রয়ে গেছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক রয়েছে।
আলোকিত সিলেট / এস এস