২৩ জুলাই ২০২২, ৩:৪২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : মৎস্য অধিদপ্তর,সিলেটের উপ-পরিচালক মো: আনোয়ার হোসেন বলেছেন, নানাবিধ চ্যালেঞ্জের মধ্যেও মৎস্য চাষ সম্প্রসারণ ও রপ্তানিতে আমরা কাজ করছি।
তিনি বলেন, আমাদের প্রতিটি অফিসে জনবল সংকট আছে। আছে যানবাহনের স্বল্পতা। এসবের মধ্যে চাষীদের উৎসাহ প্রদান ও সরকারী প্রকল্পগুলোকে আরো জনবান্ধব করতে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি।
শনিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ’২২ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে মৎস্য ভবন, সিলেটের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী সচিব মো. আরিফ হোসেন, সিলেট বিভাগের সহকারী পরিচালক আল মিনান নুর।
সভাপতির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, মৎস্য খাত নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে সময় পার করছে।সিলেটে বন্যায় মৎস্য সেক্টরে ক্ষতি হয়েছে প্রায় ৭৫ কোটি টাকা।
তিনি বলেন, সরকার ভাবছে বন্যাকে বিবেচনায় নিয়ে কীভাবে মাছ চাষ করা যায়। যেমন চাষের সময়কাল পরিবর্তন, স্বল্প সময়ে বৃদ্ধি পায় এ ধরণের মাছ চাষে উদ্বুদ্ধকরণ এ বিষয় নিয়ে মৎস্য বিভাগ ভাবছে।
এ ছাড়াও জলাশয় ভরাট হয়ে যাওয়া, অপরিকল্পিত বাঁধ নির্মান, ফসলের মাঠে অবাধে কীটনাশক ব্যবহার, জনসংখ্যা বৃদ্ধি ফলে মাছের অতি আহরণ, মৎস্য আইন না মেনে প্রজনন মৌসুমে কোনা বেড় জাল, মশারি জাল, কারেন্ট জাল, জলাশয় সম্পূর্ণ সেচে মাছ ধরা হাওরের মাছের উৎপাদন বৃদ্ধিতে প্রধানতম অন্তরায়। এসব চ্যালেঞ্জকে বিবেচনায় নিয়ে মৎস্যচাষ সম্প্রসারণ ও সংরক্ষণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে প্রতি বছরের ন্যায় এ বছরেও ২৩ হতে ২৯ জুলাই সপ্তাহ ২০২২ উদযাপিত হচ্ছে । জাতীয় মৎস্য সপ্তাহের মূল উদ্দেশ্য সকলকে সম্পৃক্ত করে নিরপাদ প্রানিজ আমিষ গ্রহণে দেশবাসীকে সচেতন করা , নিবিড়ভাবে মৎস্যচাষ ও সংরক্ষণে সম্পৃক্তকরণ ,কর্মসংস্থানের মাধ্যমে দেশের দারিদ্রের অবসান ঘটানো । এসব উদ্দেশ্য পূরণের লক্ষে , এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য স্থির হয়েছে, নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ।