১৭ অক্টোবর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মোহাম্মদ শিশির মনির বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই। শঙ্কা আছে জুলাই সনদ নিয়ে। তবে আগামীকাল (শুক্রবার) শঙ্কাহীন পরিবেশে যেন জুলাই সনদ স্বাক্ষরিত হয় এজন্য আমরা সকলেই চেষ্টা করছি।
সিলেটের মুরারিচাঁদ কলেজে ছাত্র শিবির আয়োজিত স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চাকসু সহ বিগত ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিবিরের জয়জয়কার প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রশিবির যাদের প্রার্থী হিসেবে মনোনীত করেছে তারা সবাই ভালো ছাত্র, সচ্চরিত্রবান। বাংলাদেশের নতুন প্রজন্ম আর বসগিরির রাজনীতি চায় না। তারা বন্ধু চায় যাদেরকে মন খুলে তাদের সব কথা বলতে পারবে। শিবির ছাত্রদের পালস বুঝতে পারায় এ ভূমিধ্বস বিজয়৷
‘দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুতগতিতে জুলাই হত্যাকাণ্ডের বিচার হতে যাচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, সবচেয়ে বড় মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষের দিকে। খুব শিগগিরই এ মামলার রায় ঘোষিত হবে।
পিআর প্রসঙ্গে তিনি বলেন, কোন বিষয় সম্পর্কে কোন ব্যক্তি জানবেন কি জানবেন না, বুঝবেন কী বুঝবেন না সেটি নির্ভর করে ওই ব্যক্তির নিজের সামর্থ্যের ওপর। কেউ যদি বুঝতে না চায় তাকে তো কেউ জোর করে বুঝাতে পারবেন না। যারাই শিক্ষিত লোক তারাই বোঝে। পৃথিবীতে পিআরের দাবি একমাত্র বাংলাদেশে না। পিআর বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষের সঠিক প্রতিনিধিত্ব বুঝে পাবে।
এর আগে, নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।