সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ মার্চ ২০২৬, ৩:২২ পূর্বাহ্ণ

সিলেটে ‘৫ টাকার ইফতার’ বিতরণ

আপডেট টাইম : মার্চ ১৮, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগরীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে “সৎ পথের পথিকরা সেবাদানকারী ও মানবকল্যাণ সংগঠন, সিলেট” এর উদ্যোগে ১ম রমজান থেকে ৩০তম রমজান পর্যন্ত ধারাবাহিকভাবে পরিচালিত হয়েছে ব্যতিক্রমধর্মী মানবিক কার্যক্রম “৫ টাকার ইফতার বিতরণ”। এই কার্যক্রমের আওতায় সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, হাসপাতাল ও জনসমাগমস্থলে প্রতিদিন শত শত রোজাদার, নিম্নআয়ের মানুষ, পথচারী ও সুবিধাবঞ্চিতরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মাত্র ৫ টাকায় সম্মানজনকভাবে ইফতার গ্রহণ করেছেন। সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ একসাথে বসে ইফতার করার মাধ্যমে সৃষ্টি হয়েছে এক অনন্য সম্প্রীতি ও সহমর্মিতার পরিবেশ।

এর পাশাপাশি, ২০ রমজান থেকে শুরু হয় সেহরি বিতরণ কার্যক্রম, যা গভীর রাতেও অসহায় ও মুসাফিরদের মাঝে নিয়মিতভাবে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও এতিমখানায় ইফতার বিতরণ, অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা, ঈদ প্যাকেজ বিতরণ এবং ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

সংগঠনের স্বেচ্ছাসেবী, নার্স ও মিডওয়াইফদের সক্রিয় অংশগ্রহণে পুরো মাসব্যাপী এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। প্রতিকূল আবহাওয়া, বৃষ্টি ও ঝড় উপেক্ষা করেও নিরবচ্ছিন্নভাবে সকল কার্যক্রম চালিয়ে যাওয়া হয়েছে, যা সংগঠনের মানবিক অঙ্গীকার ও দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগগুলোর মূল উদ্দেশ্য ছিল সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সম্মানজনকভাবে তাদের সহায়তা করা। সংগঠনটি বিশ্বাস করে, মানবিকতা ও সহমর্মিতার এই বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে।

উল্লেখ্য, এই কার্যক্রমে সমাজের সচেতন নাগরিক, বিভিন্ন পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরাও অংশগ্রহণ করেন এবং এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

শেয়ার করুন