১৯ সেপ্টেম্বর ২০২২, ২:৫২ অপরাহ্ণ
সিলেট সিটি কর্পোরেশনের ১০৪০ কোটি টাকার বাজেট ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী নগরবাসীর সেবা ও উন্নয়নের লক্ষ্যে মোট ১০৪০ কোটি ২০ লক্ষ ৪৩ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন।
সংবাদ সম্মেলনে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে উঠে সিলেট মহানগরীর উন্নয়নে আমি সবসময় কাজ করেছি, ভবিষ্যতেও করে যাব।
তিনি বলেন, সিলেট সিটির সীমানা সম্প্রসারণ করা হয়েছে। ২৬.৫০ বর্গ কিলোমিটারের সিলেট সিটির নতুন আকার হচ্ছে ৫৯.৫০ বর্গ কিলোমিটার, ২৭টি ওয়ার্ড বৃদ্ধি পেয়ে ৪২টি হয়েছে। নিঃসন্দেহে সিলেট সিটির জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু এই পদক্ষেপ স্বার্থক হবে তখনই যখন বর্ধিত এলাকার জনগণ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার প্রকৃত সুফল পাবেন। মেয়র বাজেট বক্তৃতাকালে বলেন, বর্ধিত এলাকার জনগণের উন্নয়ন কাজের জন্য গত ৭ ফেব্রুয়ারি তারিখে ৪ হাজার ১ শ ৮৯ কোটি টাকার একটি প্রকল্পের ডিপিপি প্রণয়ন করে ইতোমধ্যে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। বর্ধিত এলাকার বিপুল সংখ্যক মানুষের জন্য সকল নাগরিক সেবা নিশ্চিত করার স্বার্থে সরকারের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান তিনি।
নগরীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সিটি কাউন্সিলর বৃন্দ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।