১৯ জুলাই ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ
মাহফুজ কাউসার ছাদি : শহীদ সাংবাদিক এটিএম তুরাবের প্রথম মৃত্যুবার্ষিকী এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল শহীদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলা শাখার উদ্যোগে ১৯শে জুলাই শনিবার বাদ আসর সিলেট দরগা মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক ইব্রাহীম (নীল) অনুষ্ঠানটির উপস্থাপনা করেন।
অনুষ্ঠানে বক্তারা শহীদ সাংবাদিক এটিএম তুরাবসহ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। এই সময় পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা বলেন, এটিএম তুরাব হত্যাকাণ্ডসহ গণঅভ্যুত্থানে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, নরুজানান কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর শাখার আহবায়ক দেলোয়ার হুসেন, সংগঠনটির সিলেট জেলা শাখার সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক ফয়সল আহমদ।
শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের আত্মার শান্তি কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা সবাই মিলে হযরত শাহজালাল (র:) এর মাজার জিয়ারত করেন।