,

10 May 2025, 9:24 PM

জকিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব: ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট টাইম : May 10, 2025 9:24 PM



শেয়ার করুন

শুক্রবার দিবাগত রাতে জকিগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে। আনুমানিক রাত আড়াইটার দিকে শুরু হওয়া প্রবল ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ে, বাড়িঘরের চাল উড়ে যায় এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। হঠাৎ আঘাত হানা এই ঝড়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বহু মানুষ রাতভর নির্ঘুম কাটায়।

এ ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানিকপুর ইউনিয়নের মানিকপুর গ্রাম। ওই গ্রামের কাড়াবাল্লা বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুল আলম ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। তার মতে, গভীর রাতে হঠাৎ ঝড়ে তার বাড়ির টিনের চাল ছিঁড়ে পাশের ফসলি জমিতে পড়ে যায়। ঘুমন্ত অবস্থায় আতঙ্কিত হয়ে পরিবারটি ছোট একটি কক্ষে আশ্রয় নেয়। ঝড়ে বৈদ্যুতিক ফ্যান ও চালসহ অন্যান্য জিনিসপত্র উড়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘরের গুরুত্বপূর্ণ কাগজপত্র, দুই কন্যার পাঠ্যবই, আসবাবপত্রসহ বহু মূল্যবান জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারটি এখন চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

এদিকে, জকিগঞ্জ-সিলেট সড়কের শরীফগঞ্জ এলাকায় একটি বড় গাছ ভেঙে রাস্তার ওপর পড়ে যায়, ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছটি অপসারণ করে, যার ফলে সড়ক যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।

শেয়ার করুন