৬ মে ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
সুমন আহমদ : সিলেটের সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির এক পর্যায়ে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম হোসেন মিয়া (১২), যিনি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে। সোমবার (৫ মে) রাত ৮টার দিকে দোয়ারাবাজার সদরে এ হত্যাকাণ্ড ঘটে।
অভিযুক্ত হত্যাকারী একই গ্রামের গোলাম মর্তুজার ছেলে হোসাইন (১৮)। নিহত ও অভিযুক্ত উভয়েই বন্ধু, প্রতিবেশী এবং পাশাপাশি বাড়ির বাসিন্দা ছিল। জানা যায়, টাকা না দেওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিবাদ বাধে এবং তা ছুরিকাঘাতে রূপ নেয়। হোসেন মিয়ার পেটে একটি ও গলায় দুটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে, এছাড়াও তার শরীরে বিভিন্ন স্থানে মারাত্মক জখম রয়েছে।
নিহতের মা ফাতেমা বেগম জানান, বিকালে তার ছেলে হোসেন মিয়া ৫০০ টাকা নিয়ে বাজারে গিয়েছিল। সেখানে হোসাইন তার ছেলের কাছে টাকা চাইলে হোসেন না দিলে হোসাইন জোর করে টাকা নেওয়ার চেষ্টা করে। এসময় হোসেন দৌড়ে পালাতে গেলে হোসাইন তাকে পিছনে ধাওয়া করে এবং পেট ও গলায় ছুরিকাঘাত করে।
দোয়ারাবাজার থানার ইনচার্জ অফিসার মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার সময় খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছান এবং নিহত কিশোরের লাশ উদ্ধার করেন। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।