3 August 2026, 11:48 PM
স্টাফ রিপোর্টার : সিলেটের সালিয়া, সালুটিকর ও বিমানবন্দর এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীন জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। আজ ৩ আগস্ট বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত তিনটি ভিন্ন স্থানে পরিচালিত এই উচ্ছেদ কার্যক্রমে মোট ১২টি দোকান ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন সিলেটের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ। তাঁর নির্দেশনায় সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ, সিলেট যৌথভাবে এই অভিযানে সহযোগিতা করে। উল্লেখ্য, গত ২৮ জুলাই সংশ্লিষ্ট দখলদারদের আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল; কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা নিজেদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ প্রশাসনিকভাবে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।