বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ ডিসেম্বর ২০২২, ১:২৪ অপরাহ্ণ

অসহায় মানুষগুলোর মুখে হাসি আর আনন্দ পেল আজ

আপডেট টাইম : ডিসেম্বর ৩, ২০২২ ১:২৪ অপরাহ্ণ



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান গোলজার আহমদ হেলাল বলেছেন, অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটেছে আজ। তারা পেল আনন্দ। বাসগৃহ পেয়ে তারা এখন মহাখুশী। তিনি বলেন,ভয়ালতম বন্যার ক্ষয়ক্ষতি ও ধ্বংসলীলা সাধারণ মানুষের জীবনযাত্রাকে সংকটে ফেলে দিয়েছে।প্রান্তিক জনগোষ্ঠী জীবন ও জীবিকার জন্য দুঃসহ বেদনা নিয়ে সংগ্রাম করছে।

গোলজার আহমদ হেলাল শুক্রবার(২রা ডিসেম্বর) দুপুরে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর কাঞ্জর গ্রামের অসহায় বুদ্ধিপ্রতিবন্ধী শহীদ আহমদ ও তাঁর স্ত্রী-সন্তানাদির জন্য নির্মিত বাসগৃহের হস্তান্তর ও শুভ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আমেরিকা প্রবাসী সাংবাদিক জাবেদ আহমদের ভগ্নিপতি জুবায়ের চৌধুরী ও তাঁর পরিবারের আর্থিক সহযোগিতায় এ ঘরটি নির্মাণ করা হয়েছে।এর আগে অসহায় শহীদ – জাহানারা দম্পতি তাদের শিশু সন্তানদের নিয়ে তেরপাল ও বস্তা দিয়ে এখানে মানবেতর ভাবে বসবাস করতেন।উপকারভোগীর স্ত্রী জাহানারা এই শীত মৌসুমে শিশু সন্তানদের নিয়ে ঘুমাতে একটি খাট চাইলে প্রবাসী জুবায়ের চৌধুরী এগিয়ে এসে এ ঘরটি নির্মাণ করে দেন।

বিশিষ্ট মুরব্বি মো: আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সমাজ সেবক রেজাউল করিম, প্রতিবন্ধী শহীদ আহমদের ছোট ভাই এনাম আহমদ।তরুণ সমাজকর্মী ও সোস্যাল এক্টিভিস্ট দুলাল আহমদ ইমনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন,বিশিষ্ট মুরুব্বি আব্দুস সালাম, মো: আইনুল্লাহ, সমাজসেবক খালেদ আহমদ, বশির আহমদ, সাংবাদিক এম এ হান্নান,সাহাব উদ্দিন,সহিদ আহমদ, আখতার হোসেন,সাব্বির আহমদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন উত্তর কাঞ্জর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসাদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে গোলজার আহমদ হেলাল আরো বলেন,এই এলাকা পীড়িত অঞ্চল, দুর্গত জনপদ। এখানকার জনগণ সীমাহীন দুর্ভোগে ও কষ্টের মধ্যে আছে।এখানে বানের পানিতে ভেসে যাওয়া অসংখ্য মানুষের ঘর বাড়ী এখনো নির্মাণ কিংবা সংস্কার হয়নি। অনেকেই যাযাবরের মতো আশ্রয়হীন হয়ে পড়েছে। তিনি বলেন, পুরো এলাকাটাই ছিল বন্যা কবলিত,পানির নিচে। পানিতে ভেসে নষ্ট হয়েছে সহায় সম্পদ। ভেঙ্গে যাওয়া রাস্তা ঘাট ও সংস্কার হয়নি অদ্যাবধি। ফলে অবর্ণণীয় দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। তিনি প্রবাসীদের আপনজন ও মানবতার বন্ধু উল্লেখ করে বলেন, দেশমাতৃকার যেকোন দুর্যোগ ও সংকটে তাদেরকে সবার আগে সবচেয়ে কাছে পাই আমরা।তারা আমাদের প্রিয়জন।তিনি গৃহদাতা আমেরিকা প্রবাসী জুবায়ের চৌধুরী ও তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে তাদের সুস্বাস্থ্য,সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এটি একটি মানবিক উদ্যোগ।বড় ধরনের এ মহৎ ও মানবতামুলক কাজে প্রবাসী জুবায়ের চৌধুরী এগিয়ে আসায় তারা ধন্যবাদ জানান। তারা অসুস্থ জুবায়ের চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের আশু সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন।

শেয়ার করুন