৩ আগস্ট ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার: গত ১লা আগস্ট, ২০২৫ থেকে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেটের প্রথম ও সুনামধন্য ট্যুরিস্ট বাস প্রতিষ্ঠান সাদা পাথর পরিবহনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। প্রতিষ্ঠানটির মতে, প্রতিষ্ঠানের অর্জিত মান-সম্মান ক্ষুণ্ণ করতেই একদল কুচক্রী মহল এই মিথ্যা প্রচারণা চালাতে উঠেপড়ে লেগেছে।
সাদা পাথর পরিবহন কর্তৃপক্ষ স্মরণ করিয়ে দিয়েছে যে, পর্যটন ও যোগাযোগ শিল্পকে আরও আধুনিকায়ন এবং ভ্রমণকারী ও সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব করার লক্ষ্যে সিলেটের সুনামধন্য ব্যবসায়ী ব্যক্তিবর্গের মাধ্যমে ব্যাংক ঋণ নিয়ে প্রতিষ্ঠানটি ২০১৯ সালের ১৫ই ডিসেম্বর যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি সমিতির মাধ্যমে অত্যন্ত সুনামের সঙ্গে সৎভাবে ব্যবসা পরিচালনা করে আসছে এবং ইতিমধ্যেই সিলেট বিভাগের পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
কর্তৃপক্ষ বিশেষভাবে উল্লেখ করেছে যে সফিউল আলম চৌধুরী নাদেলের দীর্ঘদিন ধরে সাদা পাথর পরিবহনের সাথে সদস্য বা ব্যবসায়িক অংশীদারিত্বের কোনো সম্পর্ক নেই। বর্তমানে সিলেট, সালুটিকর, ভোলাগঞ্জ, সাদাপাথর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, হাদারপাড়, রাধানগর রোডের বাস-মিনি-বাস মালিক সমিতির সভাপতি মাহবুবুল হক চৌধুরীর পরিচালনায় সাদা পাথর পরিবহনের টুরিস্ট বাস পরিষেবা সুনামের সাথে পরিচালিত হচ্ছে।
সাদা পাথর পরিবহন কোনো একক মালিকানাধীন বা ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়; এটি একটি সম্মিলিত ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নিয়ম-কানুন মেনে যে কেউ বাস ক্রয় করে সদস্যভুক্ত হতে পারেন এবং এই সুযোগ এখনো উন্মুক্ত রয়েছে।
কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করে বলেছে যে বর্তমানে কিছু ফেসবুক পেজ, মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে। তাদের দৃষ্টিতে, দেশের বর্তমান পরিস্থিতিতে গুজব ছড়িয়ে একটি অস্থির পরিবেশ সৃষ্টি, মব তৈরি করে ব্যক্তিস্বার্থ হাসিল এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই এই অপপ্রচার চালানো হচ্ছে।
এমতাবস্থায়, সাদা পাথর পরিবহন কর্তৃপক্ষ এই মিথ্যা অপপ্রচার ও মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে ভবিষ্যতে যদি এই ধরনের অপপ্রচার অবিলম্বে বন্ধ না হয়, তাহলে প্রতিষ্ঠানটিকে আইনের আশ্রয় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।