21 May 2025, 12:59 AM
আলোকিত সিলেট ডেস্ক : ব্রিটিশ-বাংলাদেশিদের সাফল্যের ইতিহাসে যুক্ত হলো আরেকটি উজ্জ্বল অধ্যায়। নর্থ লন্ডনের হ্যারিংগে কাউন্সিলের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলর আহমেদ মাহবুব মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সম্প্রতি টটেনহ্যাম টাউন হলে অনুষ্ঠিত হ্যারিংগে কাউন্সিলের বার্ষিক ফুল কাউন্সিল সভায় হোয়াইটহাট লেইন ওয়ার্ডের কাউন্সিলর ও ডেপুটি মেয়র আহমেদ মাহবুবকে নতুন মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। এতে কাউন্সিল লিডার পেরি আহমেটসহ অন্যান্য কাউন্সিলররা তাকে অভিনন্দন জানান।
মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে আহমেদ মাহবুব বলেন,”এই বহুসংস্কৃতির কাউন্সিলে আমি সব বর্ণ, ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সাথে মিলে কাজ করতে চাই।” তিনি এ লক্ষ্যে কাউন্সিলর ও স্থানীয় নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
আহমেদ মাহবুব ব্রিটেনে জন্মগ্রহণ করলেও তার পরিবারের শেকড় বাংলাদেশের সুনামগঞ্জের ছাতকে। তার বাবা গোলাম জিলানী মাহবুব লন্ডনের একজন সলিসিটর এবং ছাতক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। দাদা ডা. গোলাম মন্তকা আজাদ ছাতকের প্রখ্যাত চিকিৎসক ছিলেন।
মেয়র মাহবুব ২০১৮ সালে লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে অধ্যয়নকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সফলভাবে দায়িত্ব পালন করেন। এখন তিনি মেয়র হিসেবে তার দায়িত্বকালে সিটিজেন অ্যাডভাইস ব্যুরো চ্যারিটি-এর জন্য কাজ করবেন।
এই নিয়োগ ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।