বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ ডিসেম্বর ২০২১, ১২:৫৫ অপরাহ্ণ

রক্তক্ষরণ বন্ধে সরকার উন্নত চিকিৎসার সুযোগ না দিলে খালেদা জিয়া বেশিদিন বাঁচবেন না : মির্জা ফখরুল

আপডেট টাইম : ডিসেম্বর ৩, ২০২১ ১২:৫৫ অপরাহ্ণ



শেয়ার করুন

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা তুলে ধরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার রক্তক্ষরণ হচ্ছে এবং এই রক্তক্ষরণ যদি বেশি দিন চলে তা হলে তিনি বাঁচবেন না। খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার যে রোগ হয়েছে আপনারা শুনেছেন— লিভার সিরোসিস। এটি মারাত্মক রোগ। এই রোগের চিকিৎসা আমাদের দেশে সেভাবে নেই।

 

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে এই রোগের চিকিৎসা ভালো হয়। লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৩ নভেম্বর থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। হাসপাতালের মেডিকেল বোর্ড অনতিবিলম্বে তাকে সুচিকিৎসার জন্য বিদেশ উন্নত সেন্টারে নেওয়ার সুপারিশ করেছে। এই সুপারিশের ভিত্তিতে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার ইতোমধ্যে সরকারের কাছে আবেদন করেছেন। তবে সেই আবেদনের এখনও কোনো সুরাহা হয়নি।

 

কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারপারসন শামসুজ্জামান দুদু, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সাইফুল আলম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের গৌতম চক্রবর্তী, মোশাররফ হোসেন, গোলাম হাফিজ কেনেডি প্রমুখ বক্তৃতা করেন।

 

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ২৫ নভেম্বর থেকে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো সমাবেশ, মানববন্ধনের ধারাবাহিক কর্মসূচি করে যাচ্ছেন। আগামীকাল ছাত্রদলের সমাবেশের মধ্য দিয়ে ৮ দিনের এ কর্মসূচি শেষ হবে।

শেয়ার করুন