২৪ জানুয়ারি ২০২২, ১০:২৩ অপরাহ্ণ
নজরুল ইসলাম গোয়াইনঘাট- সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বুক চিরে প্রবাহিত এক সময়ের উত্তাল পিয়াইন নদী এখন শুধু নামেই নদী । বাস্তবে পরিনত হয়েছে মরা খালে । অবৈধভাবে পাথর বালু উত্তোলন পাথর খেকো সিন্ডিকেটের তান্ডব ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এ নদী হারাতে বসেছে তার অস্তিত্ব । কয়েক বছর ধরে পিয়াইন নদী খনন করা হবে, এধরনের কথা শোনা গেলেও বাস্তবে কিছুই হয়নি । আশির দশকে ও ভরা যৌবনা ছিল পিয়াইন ।সে সময় পিয়াইনের গর্জনে মানুষের বুকে কাঁপন সৃষ্টি হতো । নব্বইয়ের দশক থেকে ক্রমেই যৌবন হারাতে থাকে এ নদী ।পন্য পরিবহন, যাত্রী পারাপার , যোগাযোগ , ব্যবসা বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে পিয়াইন নদীর ছিল সুদীর্ঘ ইতিহাস এবং গুরুত্বপূর্ণ ভূমিকা । বর্তমানে এ নদীর সুনাম ও জৌলুস হারিয়ে গেছে । বড় বড় চর জেগে ওঠায় মূল নদীটি খালের রূপ ধারণ করেছে । হারিয়ে গেছে অনেক জীব বৈচিত্র্য । তবে বর্ষা মৌসুমে কিছুটা সময়ের জন্য পিয়াইন নদী ফিরে পায় তার পুরনো রূপ । স্থানীয় সুত্রে জানা যায় ভারতের মেঘালয় থেকে উৎপন্ন হয়ে গোয়াইনঘাট , কোম্পানি গঞ্জ ,ছাতক উপজেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে সুরমা নদীর সাথে মিশেছে । পিয়াইন নদীতে এক সময় ঢেউয়ের তালে তালে চলাচল করেছে অসংখ্য পাল তোলা নৌকা । ভাটিয়ালি আর পল্লী গীতি গানের সুরে মাঝিরা নৌকা নিয়ে ছুটে চলেছে বিভিন্ন জেলা উপজেলার হাটবাজারে। গায়ের বধূরা রং বেরঙের শাড়ি পরে কলসি কাঁখে পানি আনতে ছুটে চলতো পিয়াইন নদীতে । নৌকায় নানা কৃষি পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে সওদাগররা ছুটে চলতেন । এলাকায় গড়ে উঠেছিল অনেক হাটবাজার । শুধু হাটবাজারে নয় এ নদী কেন্দ্রীক গড়ে উঠেছিল অসংখ্য জনপদ ।সে সময় নদীর অথৈ পানি দ্বারা কৃষকরা পিয়াইন এর দু পাড় জুড়ে ফল ফসলের ভরে ফেলে ছিল । মাইলের পর মাইল জুড়ে ছিল নয়নাভিরাম দৃশ্য । বর্তমানে কৃষি জমি গুলো পরিণত হয়েছে ধূ ধূ প্রান্তরে । অফুরন্ত মাছের উৎস ছিল এ নদী । জীবিকার জন্য জেলেরা রাত দিন সমানে ডিঙি নৌকা দিয়ে মাছ ধরতেন ।জেলে পাড়া গুলো ও এখন বিলীন । এক কথায় থমকে গেছে নদী আর নিভে গেছে বিপুল সম্ভাবনাময় কর্মযজ্ঞ । ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনলে পিয়াইন ফিরে পেতো তার পূর্ণ যৌবন । স্বানীয় সূত্রে আরো জানা যায় সংশ্লিষ্টদের সঠিক নজরদারির অভাবে এক শ্রেণীর অসাধু পাথর বালু খেকোরা বালু পাথর উত্তোলনে প্রতিযোগিতায় মেতে উঠেছে। এভাবে চলতে থাকলে এক সময়ের রত্নগর্ভা এ নদীটি কোনো এক সময় মানচিত্র থেকেই বিলীন হয়ে যাবে । নদী পাড়ের বাসিন্দারা জানান কেউ এ নদী নিয়ে মাথা ঘামায়নি । এক সময়ের খরস্রোতা পিয়াইন নদী রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হলে এটা অন্তত মরা খালে পরিণত হতো না । কোম্পানি গঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম তৈয়বুর রহমান পিয়াইন নদী খনন প্রকল্প বাস্তবায়নের দাবিতে গ্রামে গঞ্জে আন্দোলন গড়ে তুলে ছিলেন। তার মৃত্যুর পর পিয়াইন নদী খনন আন্দোলন থমকে যায় । গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন বলেন পিয়াইন নদী খনন করা গোয়াইনঘাট বাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবি । এলাকার সচেতন মহল বলেন এ সরকার নদী বান্ধব সরকার ,পিয়াইন নদী খনন প্রকল্প বাস্তবায়নে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি মহোদয়ের সু দৃষ্টি কামনা করেন । এ প্রকল্প বাস্তবায়ন হলে কৃষি মৎস্য ব্যবসা বাণিজ্যে এলাকার যুগান্তকারী উন্নয়ন হবে।