১২ মে ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরের একাংশে কৃষকদের জমির ধান লুটপাটের অভিযোগ উঠেছে।
হাওরের পানি কমতে শুরু করলে ভেসে ওঠা ধান কেটে একদল লোক নৌকাযোগে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বরাম হাওরের পানি কমতে শুরু করলে নোয়াগাও-সন্তোষপুর, বাউসী ও চন্দ্রপুর এলাকার কিছু সুযোগসন্ধানী লোকজন নৌকাযোগে হাওরে প্রবেশ করে ধান কেটে নিয়ে যায়।
বিষয়টি জানাজানি হলে কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তাড়ল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল দাস বলেন, হাওরের অধিকাংশ ধান পানিতে নষ্ট হয়ে গেছে।
এর মধ্যেও কিছু লোক বিভিন্ন এলাকা থেকে এসে কৃষকদের অবশিষ্ট ধান কেটে নিয়ে যাচ্ছে। ভাঙাডহর গ্রামের কৃষক হরিবল দাস অভিযোগ করে বলেন, জোরপূর্বক আমাদের ধান কেটে নিয়ে যাচ্ছে। বাধা দিলেও তারা কোনো কথা শুনছে না। ধান লুটপাটের খবর পেয়ে
বৃহস্পতিবার (১২ মে ) ১১টার দিকে দিরাই থানা পুলিশের একটি দল এসআই মাসুদুল হক মাসুমের নেতৃত্বে হাওরে অভিযান চালায়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা নৌকা নিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয় কৃষকরা হাওরে নিরাপত্তা জোরদার ও ধান লুটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।