২২ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৪ পূর্বাহ্ণ
তানভীর আহমদ জাকির, ছাতক প্রতিনিধি:
ছাতকের গোবিন্দগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোম্যাসি চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। অনিয়ম পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর সংশ্লিষ্ট ধারায় মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টের সময় কাঁচাবাজার, মাছ বাজার, ডিম ও মাংসের দোকান, মুদি দোকান এবং ফলের বাজার পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা স্পষ্টভাবে প্রদর্শন এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে ক্রেতাদের স্বার্থ সংরক্ষণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোম্যাসি চাকমা জানান, রমজান মাসকে সামনে রেখে বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
এদিকে স্থানীয়দের মধ্যে এ অভিযানে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তারা নিয়মিত বাজার তদারকির মাধ্যমে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার দাবি জানান।