৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
নির্বাচনী সফরে সিলেট আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। আগামী শনিবার বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভা ও আমীরে জামায়াতের সিলেট সফর উপলক্ষে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় নগরীর ধোপাদিঘীরপারস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সিলেট-১ আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও মহানগর ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় জোটের শীর্ষস্থানীয় মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে সিলেটে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও মহানগর ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শনিবার বিকেল ৩টায় আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভা জনসমূদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। উক্ত জনসভায় সিলেট জেলার ৬টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীগণ এবং সুনামগঞ্জ জেলার ৪টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেয়া হবে। জনসভা সফল করতে ইতোমধ্যে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবধরণের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। তিনি জনসভাকে সফল করতে সাংবাদিক বন্ধুগণসহ সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন। জনসভা বিকেল ৩টায় শুরু হবে এবং সাড়ে ৪টার মধ্যে সমাপ্ত হবে। আমীরে জামায়াত হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। এর আগে তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে জনসভায় যোগদান করবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জাতি নির্বাচনে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। পতিত ফ্যাসিস্ট সরকার বিনাভোটে, মধ্যরাতে ও নকল-নামজাদা নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার হরণ করেছে। এবার মানুষ সবধরণের শঙ্কা মুক্ত থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। কিন্তু অবৈধ অস্ত্র, থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রশাসনের ব্যর্থতা ও সন্ত্রাসীদের গ্রেফতারে কার্যকর অভিযান না থাকায় জনমনে নানা আশঙ্কা বিরাজ করছে। অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর দৃশ্যমান কোন কার্যক্রম নেই। এরই মধ্যে নগরীর চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী একটি রাজনৈতিক দলের আশ্রয়ে মাঠে সক্রিয় রয়েছে। এছাড়া সম্প্রতি নগরীর আম্বরখানা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ছিনতাইকারীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা, নগরীর সুবিদবাজার থেকে সেনাবাহিনী কর্তৃক এক সন্ত্রাসীকে আটকের পর ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ এবং তাকে দ্রুততম সময়ে মুক্ত করে ফুলেল সংবর্ধনা প্রদান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।
তিনি বলেন, সিলেটের সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র আসার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে প্রশাসনের কার্যকর ভূমিকা চোখে পড়ছেনা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্রতিপক্ষের প্রার্থীর নিজ দলের নেতাকর্মীদের মধ্যেকার সংঘর্ষ জনমনে ভীতির সঞ্চার করছে। প্রশাসনকে এই ভীতি দূর করতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- সিলেট-১ আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, জামায়াতের সিলেট অঞ্চল টীম সদস্য ও সিলেট-১ আসনে নির্বাচন পরিচালক হাফিজ আব্দুল হাই হারুন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, এলডিপির সিলেট মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, এবি পার্টির সিলেট মহানগর আহ্বায়ক মো. ওমর ফারুক, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, বিডিপি সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ ও মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী প্রমুখ।
সিলেট-১ আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে নানা শঙ্কা থাকলেও দেশপ্রেমিক সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমরা আস্থা রাখতে চাই। প্রতিটি মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে ব্যাপারে সাংবাদিকসহ সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।