১৩ মার্চ ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার : বিশ হাজার টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় প্রায় তিন মাস কারাগারে কাটানোর পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন মঙ্গল দাস নামের এক চা বাগানের শ্রমিক। আজ ১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার সিলেটের আম্বরখানায় অবস্থিত বিদ্যুৎ আদালত, বিউবো-এর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) এই জামিন মঞ্জুর করেন।
হাজতি নং- ৪৩৫৭/২৫-এর এই বন্দী কেওয়াছড়া চা বাগানের বাসিন্দা বীরশা দাসের ছেলে। তিনি গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বিদ্যুৎ আইন, ২০১৮ এর ৪০ ধারায় আটক হয়ে সিলেট কেন্দ্রীয় কারাগার, বন্দরবাজারে আসেন। কারাগারে অবস্থানকালে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট সারোয়ার আলম কারাগার পরিদর্শনে গেলে তার সাথে মঙ্গল দাসের স্বাক্ষাৎ হয়। ওই সময় মঙ্গল দাস তাকে জানান, মাত্র ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় তিনি কারাগারে আটক আছেন। বিষয়টি জানার পর জেলা ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম তাকে জামিন লাভের বিষয়ে আশ্বস্ত করেন এবং তার পক্ষ থেকে ওই বিল পরিশোধের নিশ্চয়তা দেন।
সেই আশ্বাসের ভিত্তিতেই আজ আদালতের আদেশে মঙ্গল দাস কারাগার থেকে জামিনে মুক্তি পান। জেলা ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের এই মানবিক দৃষ্টিভঙ্গি ও পদক্ষেপ সাধারণ মানুষের আস্থা বাড়ানোর পাশাপাশি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।