,

29 April 2025, 12:36 AM

সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ: লামিয়ার ধর্ষণ ও রাষ্ট্রীয় অবহেলার প্রতিবাদ

আপডেট টাইম : April 29, 2025 12:36 AM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:  বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের আহ্বানে শহীদকন্যা লামিয়া আক্তারের ধর্ষণ ও রাষ্ট্রীয় অবহেলাজনিত কাঠামোগত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিলেটের বন্দর বাজার এলাকায় এই সমাবেশে সংগঠনের নেতাকর্মীরা লামিয়ার ন্যায়বিচার ও সরকারের জবাবদিহিতা দাবি করেন।

গণঅভ্যুত্থানে শহীদ জসিমের কন্যা লামিয়া আক্তার (১৭) ধর্ষণের শিকার হন কবর জিয়ারতের সময়। এই ঘটনা সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করলেও অভিযুক্ত প্রভাবশালীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে, আর পুলিশ নামমাত্র একজনকে গ্রেপ্তার করেও দ্রুত জামিনে মুক্তি দিয়েছে। ছাত্র ইউনিয়নের বক্তারা এ ঘটনাকে রাষ্ট্রীয় অবহেলার ফলাফল হিসেবে চিহ্নিত করে বলেন, “লামিয়ার মৃত্যু শুধু একটি প্রাণের অবসান নয়, এটি রাষ্ট্রের কাঠামোগত হত্যাকাণ্ডের প্রমাণ। স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসন শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মনীষা ওয়াহিদ, সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক শাহীন ফকির। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাশরুখ জলিল, শাবিপ্রবি সংসদের সংগঠক জুবায়ের আহমেদ জুয়েল ও শিক্ষার্থী আব্দুল্লাহ আল সামিন। বক্তারা বলেন, “ধর্ষণের পর বিচারপ্রক্রিয়া শুরু না করে সরকার লামিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদের রক্তের ঋণ ভুলে যাচ্ছে তারা।”

ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সমাবেশে খাদিম চা-বাগান আঞ্চলিক শাখার সভাপতি রূপালী তাঁতীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন