শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ জানুয়ারি ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ

জৈন্তাপুরে বিজিবি ও চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিবিদ্ধ একজনসহ আহত অন্তত চার

আপডেট টাইম : জানুয়ারি ২৩, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেটের জৈন্তাপুরে বিজিবি সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় বিজিবি সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত বুধবার ২১ জানুয়ারি সকাল আনুমানিক ৭টার দিকে জৈন্তাপুর থানাধীন নিজপাট ইউনিয়নের টিপরাখলা ঘুড়িমারা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের মেইন পিলার ১২৮৮ থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে আনা ছয়টি গরু আটক করেন জৈন্তাপুর রাজবাড়ী বিওপির বিজিবি সদস্যরা। এ সময় হাবিলদার মো. কামাল হোসেন এবং ল্যান্স নায়েক মো. ওমর ফারুকসহ ৫ থেকে ৬ জন বিজিবি সদস্যের সঙ্গে স্থানীয় চোরাকারবারিদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ল্যান্স নায়েক মো. ওমর ফারুক আহত হন বলে জানা গেছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে ২১ জানুয়ারি জৈন্তাপুর মডেল থানায় ৩১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে বলে স্থানীয় সূত্রে দাবি।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৮টার দিকে জৈন্তাপুর থানাধীন গৌরীশংকর টিপরাখলা এলাকায় টহলরত বিজিবি সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিজিবির ওপর ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় এক সদস্য মাথায় গুরুতর আঘাত পান বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে রাত আনুমানিক পৌনে ১০টার দিকে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয়দের বক্তব্য। তবে স্থানীয়দের একটি অংশ দাবি করেছে, গুলির সংখ্যা বেশি ছিল। এ ছাড়া কিছু স্থানীয় বাসিন্দার অভিযোগ, উত্তেজনার একপর্যায়ে গ্রামবাসীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার পরিস্থিতিও তৈরি হয়।

গুলিবর্ষণের ঘটনায় মো. আতিক আহমেদ ২০ বছর গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। এ ছাড়া মো. রায়হান মিয়া ২৮, নুরজাহান ৫০ এবং জৈন্তাপুর রাজবাড়ী বিওপির বিজিবি সদস্য জাহাঙ্গীর আলম ৪৩ আহত হন। আহত বিজিবি সদস্য জাহাঙ্গীর আলম মাথায় আঘাত পেয়েছেন বলে স্থানীয় সূত্রে জানায়। আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুতর অবস্থায় গুলিবিদ্ধ আতিক আহমেদ ও বিজিবি সদস্য জাহাঙ্গীর আলমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুলিবিদ্ধ আতিক আহমেদ গৌরীশংকর গ্রামের মৃত নূর নবীর ছেলে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কানাইঘাট সার্কেল সালমান নূর আলম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হয়। পাশাপাশি হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প ২৭ বীর থেকে সেনাবাহিনীর একটি টহল দল পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে এবং বিজিবি সদস্যদের নিরাপদে বিওপিতে পৌঁছে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, সর্বশেষ খবর অনুযায়ী পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে ১৯ বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন