২১ জানুয়ারি ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় সমন্বিত অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার এবং অস্ত্র গোলাবারুদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার ভোর ০০৩০ থেকে ০৮০০ ঘটিকা পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ইউনিট জেলার জগন্নাথপুর, দোয়ারাবাজার, ছাতক, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর এবং সুনামগঞ্জ সদর উপজেলায় অভিযান পরিচালনা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪টি .২২ রাইফেল, ৪টি পাইপ গান, ১টি স্টান গান এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গোলাবারুদের মধ্যে রয়েছে ৮০টি দেশীয় সাউন্ড বোমা, ৬ রাউন্ড বিদেশি কার্তুজ এবং ১ রাউন্ড শটগান কার্তুজ।
এছাড়া অভিযানে ১৫০০ লিটার দেশীয় মদ, ২০ বোতল বিদেশি মদ, ১১ দশমিক ৩ কেজি গাঁজা এবং ৪৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সেনাবাহিনী জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”