27 September 2025, 1:58 AM
মাহফুজ কাউসার ছাদি : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণের ফলশ্রুতিতে বিশ্বব্যাপী পর্যটন ব্যবসার প্রসার ঘটে, যা আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক সংস্থা বা আইইউওটিও গড়ে উঠতে প্রেরণা জোগায়। এই সংস্থাটি পরবর্তীতে ১৯৭০ সালের ২৭ সেপ্টেম্বর তারিখে তার বার্ষিক সম্মেলনে “বিশ্ব পর্যটন সংস্থা” নামে পুনঃনামকরণ করা হয় এবং ১৯৮০ সালের বার্ষিক সম্মেলনে ২৭ সেপ্টেম্বর তারিখটিকে বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। দিবসটির প্রধান উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা এবং পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা।এবারের প্রতিপাদ্য বিষয় টেকসই উন্নয়নে পর্যটন।
বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সকাল সাড়ে সাতটায় সার্কিট হাউসের সামনে থেকে একটি সাইকেল র্যালি শুরু হবে। সকাল দশটায় শুভ উদ্বোধন করে জেলা প্রশাসকের অফিস থেকে বর্ণাঢ্য র্যালি বের হবে।সকাল ১১টায় আলোচনা সভা সারদা হলে অনুষ্ঠিত হবে। এছাড়াও সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত সারদা হল প্রাঙ্গণে একটি মেলা চলবে। সারদা হলে বিকাল তিনটায় শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকাল চারটায় সারদা হলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সকলকে এই অনুষ্ঠানমালায় সাদরে আমন্ত্রণ জানিয়েছেন।