১১ জুলাই ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ
মাহফুজ কাউসার ছাদি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাজী সোনা মিয়া একাডেমি এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্যের উজ্জ্বল নজির স্থাপন করেছে। প্রতিষ্ঠানটির মোট ২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। তাদের এই অসামান্য সাফল্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন মেধাবী শিক্ষার্থী। এর মধ্যে আরও উল্লেখযোগ্য বিষয় হলো, এই ৫ জনের মধ্যে ২ জন সব বিষয়েই জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে। এছাড়াও জিপিএ-৪ পেয়েছে ৮ জন, জিপিএ ৩.৫ পেয়েছে ৬ জন এবং যথাক্রমে জিপিএ বি ও জিপিএ সি পেয়েছে ২ জন ও ১ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের তালিকায় না থাকায় হাজী সোনা মিয়া একাডেমির শিক্ষার্থীরা পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধীনে পরীক্ষায় অংশ নেয়। এই হোস্ট প্রতিষ্ঠান পাড়ুয়া আনোয়ারার এবারের ফলাফলেও হাজী সোনা মিয়া একাডেমির শিক্ষার্থীদের উজ্জ্বল ভূমিকা দেখা গেছে। আনোয়ারা স্কুল এন্ড কলেজের মোট ৩ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সকলেই হাজী সোনা মিয়া একাডেমির ছাত্রছাত্রী। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম আর দূরদর্শীতার ফলস্বরূপ এই ক্ষুদ্র প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। তাদের এই অনন্য অর্জন ভবিষ্যতেও ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখবে বলে আশা করা হচ্ছে।