৩ আগস্ট ২০২৫, ১১:৪৮ অপরাহ্ণ
সিলেট মডেল নার্সিং ও মিডওয়াইফারি ইন্সটিটিউটের ছাত্র শিপু লাল দাস সম্প্রতি Guillain-Barré syndrome (GBS) নামক জটিল রোগে আক্রান্ত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। এই কঠিন সময়ে ‘মানুষের জন্য মানুষ’ নীতির প্রতিফলন ঘটিয়ে ওসমানী হাসপাতালের নার্সিং কর্মীরা শিপুর পাশে অকুণ্ঠ সমর্থন ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
হাসপাতালের সিনিয়র নার্সিং কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী শিপুর ব্যয়বহুল চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আহ্বান জানানো হলে, প্রতিষ্ঠানের সকল নার্স একমত হয়ে বিনা দাবিতে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মন উজাড় করে সহায়তা প্রদান করেন। এই মহৎ উদ্যোগের ফলস্বরূপ দুটি ধাপে শিপু লাল দাসকে মোট ৭৯,৯০০ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এই অর্থ তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
দ্বিতীয় ধাপে সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নার্সিং সুপারিনট্যান্ডেন্ট ফেরদৌসী আক্তার, ডেপুটি নার্সিং সুপারিনট্যান্ডেন্ট কাঞ্চন রায়, নার্সিং সুপারভাইজারবৃন্দ, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট জেলা শাখার সভাপতি জুবেদা খানম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, কোষাধ্যক্ষ ফজলে রাব্বী সাজু, সদস্য সচিব (এনএ, সিওমেকহা) ইমরান আহমদ তাপাদার এবং নার্সিং কর্মকর্তা আসাদুর নুর তারেকসহ আরও অনেকে।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট জেলা কমিটি এই উদ্যোগকে একটি মহৎ কাজ আখ্যায়িত করে জানায়, “মানুষের জন্যই আমরা কাজ করি, নার্সরা সবসময় এদেশের মানুষের পাশে আছে। এই মহৎ কাজে এগিয়ে আসায় ওসমানী হাসপাতালের নার্সদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ও মোবারকবাদ জানাচ্ছি এবং এ ধরনের কাজে সবসময় সক্রিয় থাকার জন্য সকলকে আহ্বান করছি। বিএনএ সিলেট জেলা শাখা সবসময় আপনাদের পাশে আছে।”
ওসমানী হাসপাতালের নার্সিং কর্মীদের এই আত্মত্যাগ ও মানবিকতা পেশাগত দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইলো।