18 June 2025, 7:41 PM
সিলেটের সুনামগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন (বুধবার) সুনামগঞ্জের শান্তিগঞ্জ সেনাক্যাম্পে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৩০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। তারা জাতীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন নিউজ প্ল্যাটফর্মের প্রতিনিধিত্ব করেন।
শান্তিগঞ্জ ও ছাতক সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সালেহ আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল সেনাবাহিনী ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং জেলার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সমন্বিত সহযোগিতা জোরদার করা। লেফটেন্যান্ট কর্নেল সালেহ আল হেলাল তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার, নিরপেক্ষ ও সাংবিধানিক দায়িত্বে নিয়োজিত বাহিনী, যা দেশের সংকটময় সময়ে বা রাষ্ট্র কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছে।
তিনি আরও উল্লেখ করেন যে, সাম্প্রতিক সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্যের মাধ্যমে সামাজিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এ প্রেক্ষাপটে গণমাধ্যম একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করতে পারে, যা জনসচেতনতা বাড়াতে, বিভ্রান্তি দূর করতে এবং সত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান, তারা যেন নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রকাশ করেন এবং জননিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় তথ্য সেনাবাহিনীর সাথে শেয়ার করেন।
অনুষ্ঠানটি একটি আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। অংশগ্রহণকারী সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। তারা মতপ্রকাশ করেন যে, সেনাবাহিনী ও গণমাধ্যমের মধ্যে এই সুসম্পর্ক শান্তিগঞ্জ ও সুনামগঞ্জের সামগ্রিক স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।