৯ জুন ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ
ফয়সাল আহমেদ, বড়লেখা (মৌলভীবাজার): মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যুবকদের নেতৃত্বের হাত ধরে বাংলাদেশে পরিবর্তন এসেছে। সাড়ে পনেরো বছর ধরে জালিমের যাতাকলে নিষ্পেষিত হয়ে প্রতিবাদ ও আন্দোলন করা সত্ত্বেও ফ্যাসিবাদীদের বিদায় করা সম্ভব হয়নি, কিন্তু যুবকরাই এবার সফল হয়েছে। তিনি বিশৃঙ্খলার পরিবর্তে একটি মানবিক বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে বলেন, আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যুবকরাই আরও সাহসী ভূমিকা রাখবে।
সোমবার (৯ জুন) দুপুরে বড়লেখা উপজেলা জামায়াতের আয়োজনে বড়লেখা বাজারে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাড়ে পনেরো বছর ধরে যারা জাতির ওপর জুলুম চালিয়েছে, তারা এখনও তা অব্যাহত রেখেছে। মাঝেমধ্যে তারা মাথা উঁচু করে জাতিকে অস্থির করতে চায়। আড়াই বছরের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নির্বিচারে হত্যা করা হয়েছে, কিন্তু তারা কোনো অনুশোচনা করে না। তাদের উচিত ছিল জাতির কাছে ক্ষমা চাওয়া, কিন্তু তারা তা না করে বরং অস্থিরতা সৃষ্টি করতে চায়।
তিনি যুবকদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, সাড়ে পনেরো বছর ধরে অনেক যুবক ভোট দিতে পারেনি। যাদের বয়স নির্বাচনের আগে ১৮ বছর হবে, তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এবারের নির্বাচনে কোনো কালো শক্তি হস্তক্ষেপ করলে জুলাই মাসের মতোই তাদের মোকাবিলা করতে হবে।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করারও দাবি জানান তিনি। তিনি বলেন, প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা বলা হয়, অথচ তাদের নাগরিক অধিকার ভোট দেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে। আগামী নির্বাচনে দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
নির্বাচন নিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী এপ্রিলের মধ্যখানে নির্বাচন হওয়া উচিত। তিনি জাতিকে দেওয়া ওয়াদা রক্ষা করবেন বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবস্থা নিতে হবে।
শিক্ষাব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা নৈতিক চরিত্র গঠনে ব্যর্থ। এই শিক্ষা দিয়ে চাকরি পাওয়া যাচ্ছে না। জামায়াত ও ইসলামী ঐক্যজোট ক্ষমতায় এলে প্রথমেই শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার আনা হবে, যাতে কেউ শিক্ষা শেষ করে বেকার না থাকে।
বড়লেখা উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল বাছিতের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মো. ইয়ামীর আলী, মৌলভীবাজার-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, ঢাকা পল্টন থানা আমীর শাহিন আহমদ খান, ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু, সিলেট মহানগর শিবিরের সভাপতি শরীফ মাহমুদ, খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক, মৌলভীবাজার শহর শিবিরের সভাপতি তারেক আজিজ, জেলা সভাপতি নিজাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা ডক্টর আব্দুল ওয়াদুদ টিপু, উপজেলা নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাফুজ সুমন ও হুমায়ুন কবির সাজু প্রমুখ।
অনুষ্ঠান শেষে ডা. শফিকুর রহমান বড়লেখা উপজেলায় ঈদের দিন কোরবানির মাংস বিতরণ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাদের পিতা আলাউদ্দিন আলাই মিয়াকে সান্তনা দেন এবং উপস্থিত সকলের সঙ্গে মিলে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।