২ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৫ পূর্বাহ্ণ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন, বিচার ও সংস্কারের দাবিতে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় সিলেটের জেল রোডস্থ হোটেল রুতবাহতে এ সভা বসে।

সভায় সভাপতিত্ব করেন এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদিক মোহাম্মদ খায়রুল ইসলাম। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন জেলা প্রচার সমন্বয়কারী হাফিজ মাওলানা মুফতি ছালিম আহমদ খান।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, “দেশে নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছে। এ পরিস্থিতির পরিবর্তন আনতে হলে আমাদের শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য প্রয়োজন নতুন সংবিধান ও ক্ষমতার কাঠামোর আমূল সংস্কার। জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে”।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় (উত্তরাঞ্চল) সংগঠক এডভোকেট শিরিন আক্তার শেলী এবং কেন্দ্রীয় (উত্তরাঞ্চল) সংগঠক নাহিদ উদ্দিন তারেক। সভার আলোচনায় সংগঠনের জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে ও জনসম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
এনসিপি সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় সংস্কার এবং জুলাই-আগস্টে নিপীড়নের দায়ে আওয়ামী লীগের বিচারের দাবিকে অগ্রাধিকার দিয়ে আসছে . সভায় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি, শ্রমিক উইং এবং এনসিপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভার সমাপ্তি ঘোষণা করা হয় ঐক্যবদ্ধভাবে ভবিষ্যৎ রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকারের মাধ্যমে।