27 May 2025, 7:34 PM
আলোকিত সিলেট ডেস্ক : বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আইন অধিশাখা থেকে জানানো হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পাঠের বিষয়টি বর্তমানে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে। গত ২২ মে ২০২৫ তারিখে হাইকোর্টে দায়েরকৃত একটি রিট খারিজ হওয়ার পর স্থানীয় সরকার বিভাগ শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিল। তবে পরিস্থিতি জটিল হয় যখন গত ২৫ মে ইশরাক হোসেন নিজে তার আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আরেকটি রিট পিটিশন দাখিল করেন। এছাড়াও, গত ২৬ মে একজন নাগরিকের পক্ষে হাইকোর্ট বিভাগের ২২ মে তারিখের খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দাখিল করা হয়েছে।
এ কারণে বিষয়টি এখন সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার বিভাগ ইশরাক হোসেনের শপথ পাঠের জন্য আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করছে। জনসংযোগ কর্মকর্তা মোঃ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।