২৫ সেপ্টেম্বর ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ
মাহফুজ কাউসার ছাদি : সিলেটে হকারমুক্ত সড়ক করার দাবিতে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ)-সিলেটের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় হোটেল ক্রাউন পার্কে এ বৈঠক হয়। বৈঠকে সিলেট ট্রাফিক বিভাগের ডিসি মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরি, কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর সভাপতি সৈয়দ ফরহাদ হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব ফয়সাল, দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাশেম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহমদ কুমকুম, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজি, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য কিবরিয়া সরোয়ার, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ডেমেক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আসমা আকতার উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, হকারদের কারণে সিলেটের সংকীর্ণ সড়কগুলোতে যানজট ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, যা পর্যটক ও সাধারণ নাগরিক উভয়ের জন্যই ভোগান্তির কারণ। তারা এই সমস্যার সমাধানে কেবল হকার উচ্ছেদ নয়, বরং তাদের জন্য বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টির মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ জরুরি বলে মত দেন। বক্তারা নিয়মিত মোবাইল কোর্ট বসানো এবং স্কুলের সামনে হকার বসতে না দেওয়ারও দাবি জানান। এছাড়া, সিলেট সিটি কর্পোরেশনের গ্রহণ করা কর্মপরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়নের দাবি উঠে বৈঠকে।
সিলেট ট্রাফিক বিভাগের ডিসি মোহাম্মদ মাহফুজুর রহমান নগরবাসীর সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন এবং সিলেটকে সুন্দর করতে দলীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করা হয়েছে এবং এর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, কিন্তু ব্যাটারি চালিত অটো রিক্সা মালিক সমিতি আজ আমাদের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করছে, মিছিল করছে এবং একটি হামলার ঘটনাও ঘটেছে, এতে আপনারা কি স্ট্যান্ড নিয়েছেন? তিনি পার্কিং স্পেসের অভাবের সমস্যার কথাও উল্লেখ করে বলেন, সিলেটের অধিকাংশ ভবনে পার্কিং ব্যবস্থা না থাকায় রাস্তায় যানজট সৃষ্টি হয়। তিনি সিলেট শহরের পাঁচতলা বা তার বেশি উচ্চতার ভবনগুলোতে বাধ্যতামূলকভাবে পার্কিংয়ের ব্যবস্থা করার উপর জোর দেন।