শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ মে ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ

রাজনৈতিক ও ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন জামায়াত নেতা শিহাব উদ্দিন

আপডেট টাইম : মে ২৮, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ



শেয়ার করুন

তাওহীদুল ইসলাম: কানাইঘাটে রাজনৈতিক ও ব্যবসায়িক দ্বন্দ্বে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের হাতে জামায়াত নেতা হাফিজ শিহাব উদ্দিন খুন হয়েছেন। গতকাল রাত এশার সময় উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালোপার গ্রামে সমিল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

সন্ত্রাসীদের ছুরির আঘাতে শিহাব উদ্দিনের অতিরিক্ত রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ বর্তমানে ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। কিছু সময়ের মধ্যে ময়নাতদন্ত হবে বলে জানা গেছে।

শিহাব উদ্দিনের বড় ভাই মাসুক উদ্দিন জানান, “ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বে আমার ভাইকে খুন করা হয়েছে। খুনিরা চিহ্নিত।” তিনি অভিযুক্তদের নাম উল্লেখ করে বলেন, “লুৎফর, জামাল, শহিদ ও শিব্বির। তারা একই গ্রামের ও আওয়ামী লীগের রাজনীতি করেন।”

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, “শিহাব উদ্দিন খুনের সংবাদ পেয়ে আমরা রাতেই এলাকায় গিয়েছি। ব্যবসা ও রাজনৈতিক দ্বন্দ্বে এ খুন হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আরও তদন্ত করলে বিস্তারিত জানা যাবে।” তিনি আরও বলেন, “এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”

জানা যায়, অভিযুক্ত লুৎফর, জামাল, শহিদ ও শিব্বির আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সাথে জড়িত। অন্যদিকে নিহত শিহাব উদ্দিন জামায়াতে ইসলামীর রাজনীতি করতেন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি বালু ও পাথরের ব্যবসায় যুক্ত ছিলেন।

শিহাব উদ্দিন ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক ছিলেন। তার খুনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী প্রকৃত আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন