শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ মে ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশ ইন: বিজিবি আরও ১৫ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে

আপডেট টাইম : মে ১২, ২০২৫ ১২:১৯ পূর্বাহ্ণ



শেয়ার করুন

এমরান আহমদ: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে আটক হওয়া আরও ১৫ বাংলাদেশি নাগরিককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। রবিবার (১১ মে) সকাল ১০টায় বড়লেখা থানায় আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

এর আগে গত ৯ মে একইভাবে ৪৪ জনকে থানায় হস্তান্তর করা হয়। এভাবে গত কয়েকদিনে মোট ৫৯ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, ৭ মে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতে প্রবেশের সময় এদের আটক করা হয়। পরদিন আরও চারজন আটক হলে মোট সংখ্যা দাঁড়ায় ৫৯-এ। পরিচয় যাচাই-বাছাই শেষে প্রথমে ৪৪ জনকে মুক্তি দেওয়া হয় এবং রবিবার বাকি ১৫ জনকে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়।

আটকদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন। তারা নড়াইল, যশোর ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার বাসিন্দা। কেউ কেউ এক থেকে দুই বছর আগে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে পুশ ইন করে।

কয়েকজন ভুক্তভোগী জানান, ভারতের বিভিন্ন স্থানে এখনও অনেক বাংলাদেশিকে আটক করে রাখা হয়েছে। তাদের ধারণা, ভবিষ্যতে আরও পুশ ইন-এর ঘটনা ঘটতে পারে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, “বর্তমানে সীমান্তে নতুন করে কোনো আটক নেই। তবে আগে যাদের আটক করা হয়েছিল এবং যাদের পরিচয় নিশ্চিত করা গেছে, তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে, যাতে কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে।”

বড়লেখা থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটকদের পরিবারের সদস্যরা থানায় উপস্থিত থাকায় তাদের জিম্মায় ১৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন