,

8 May 2025, 12:28 AM

মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত, আহত ২

আপডেট টাইম : May 8, 2025 12:28 AM



শেয়ার করুন

মৌলভীবাজারের বড়লেখায় এক মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর কর্মী মুন্না আহমদ (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার রতুলীবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না আহমদ বড়লেখার বড়থল গ্রামের ফয়জুল হকের ছেলে ছিলেন। তিনি সুজানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর বড়থল ৯ নং ওয়ার্ড শাখার কর্মী ছিলেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী রাজু আহমদ ও পথচারী প্রণজিত। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু আহমদ ও মুন্না আহমদ মোটরসাইকেলে করে আজিমগঞ্জ থেকে রতুলীবাজারের দিকে আসছিলেন। রতুলীবাজারে পৌঁছামাত্র পথচারী প্রণজিত রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে রাজু মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি সেলুন দোকানের পিলারে ধাক্কা খান। এতে মুন্না আহমদ ঘটনাস্থলে নিহত হন এবং রাজু ও প্রণজিত গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের সিলেট ওসমানী মেডিকেলে রেফার করেন।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান।

শেয়ার করুন