9 April 2025, 4:03 PM
মাহফুজ কাউসার ছাদি: ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলায় সাংবাদিক, নারী ও শিশুসহ গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব। বুধবার সকালে সিলেট নগরীর শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্বরে (সাবেক কোর্ট পয়েন্ট) এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।
মানববন্ধনে বক্তারা বলেন, “ইসরায়েল একটি অবৈধ ও বর্বর রাষ্ট্র, যাকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলা হয়। তারা ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, যেখানে সাংবাদিক, নারী ও শিশুরাও রেহাই পাচ্ছে না। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না, এমনকি পাসপোর্টে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আগের সরকার পাসপোর্ট থেকে এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে ইসরায়েলি পণ্য আমদানির সুযোগ তৈরি করেছে, যা অত্যন্ত দুঃখজনক।” তারা বাংলাদেশ সরকারের কাছে ইসরায়েলের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদের পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরী, বার্তা বাজারের সিলেট প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ডিএইচ মান্না এবং বিজনেস বাংলাদেশের সিলেট প্রতিনিধি রেজাউল করিম সোহেল।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, সদস্য মো. আলমগীর আলম, আবু জাবের, মো. নুরুল ইসলাম, শিপন চন্দ্র জয়, উৎফল বড়ুয়া, আমির উদ্দিন, সোহেল মিয়া, রুবেল মিয়া, দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার মাহফুজ কাওছার সাদি, আইওন টিভির স্টাফ রিপোর্টার ওলিউর রহমান তামিম, নিরাপদ নিউজের মহানগর প্রতিনিধি রাজিব ঘোষ, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার তারেক চৌধুরী রাহেল এবং আমার সিলেটের স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন প্রমুখ।
সিলেট অনলাইন প্রেসক্লাবের এই মানববন্ধনে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের নৃশংসতা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।