11 March 2025, 10:38 PM
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে তাজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার তাজপুর কাশিকাপন আধুনিক কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। তাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জুনু মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা।
লুনা তার বক্তব্যে দেশে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান এবং নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “মানুষকে ভয় দেখিয়ে নয়, ভালো ব্যবহারের মাধ্যমে তাদের মন জয় করতে হবে। একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন পর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হতে পেরেছেন, যা অতীতে স্বৈরশাসনের কারণে সম্ভব হয়নি।
লুনা বিএনপির নেতাকর্মীদের ওপর গত ১৫ বছরের নির্যাতন, মামলা ও গুম-খুনের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “স্বৈরাচার সরকারের কারণে সাধারণ মানুষ বিএনপির নেতাকর্মীদের কাছেও আসতে ভয় পেত। আজ আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই।”
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মইনুল হক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা রফিক উল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি এসটি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
লুনা প্রবাসী নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রবাসীরা সবসময় দেশ ও দলের জন্য কাজ করে আসছেন। আগামীতেও তাদের ভূমিকা রাখতে হবে।” তিনি বিএনপির সংগ্রামী ইতিহাস ও নেতাকর্মীদের ত্যাগের কথা স্মরণ করে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই ইফতার মাহফিলে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে দলীয় ঐক্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।