১০ মার্চ ২০২৫, ৮:২৪ অপরাহ্ণ
মাহফুজ কাউসার ছাদি : সিলেটের জিন্দাবাজারে অবস্থিত রিচমন্ড হোটেলে আজ ১০ই মার্চ, সোমবার, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সিলেট মহানগরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা এই মাহফিলে অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি শহিদুল ইসলাম সাজুর সঞ্চালনায় আয়োজিত এই ইফতার মাহফিলে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ড. নুরুল ইসলাম বাবুলসহ বিভিন্ন প্রেসক্লাব ও মিডিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহীন আহমদ তার বক্তব্যে সাংবাদিকদের জাতির বিবেক হিসেবে অভিহিত করে বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না। তারা ছাত্রশিবিরের ভালো কাজ যেমন তুলে ধরবেন, তেমনি ভুল করলে তার সমালোচনাও করবেন।” তিনি গত জুলাই বিপ্লবে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে দেশ গড়ায় তাদের অবদান রাখার আহ্বান জানান।
সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মমঈনউদ্দীন এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদসহ অন্যান্য সাংবাদিক নেতারা ছাত্রশিবিরের এই আয়োজনের প্রশংসা করেন। তারা বলেন, “দীর্ঘ সময় ধরে জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে ছাত্রশিবির আজ সুশৃঙ্খলভাবে এগিয়ে চলেছে। গত ১৫ বছর ধরে মিডিয়ার মাধ্যমে ছাত্রশিবিরকে মিথ্যাচারের শিকার হতে হয়েছে, কিন্তু তাদের সংগঠন ও আদর্শের প্রতি আমাদের আস্থা অবিচল।”
ড. নুরুল ইসলাম বাবুল তার বক্তব্যে গত ১৭ বছর ধরে শেখ হাসিনা সরকারের সময়ে কিছু সাংবাদিকদের গোপনে সাহায্য-সহযোগিতার কথা স্মরণ করেন। তিনি বলেন, “এই প্রজন্ম হারিয়ে যাবে না। ছাত্রশিবির যা শিখিয়েছে, তা বাস্তবায়ন করা হচ্ছে। শিবিরের আদর্শ ও আর্থিক স্বচ্ছতা আজও অনুকরণীয়।” তিনি আরও উল্লেখ করেন যে ছাত্রশিবিরের সাথে দেশের চলমান অন্যায় ও বিশৃঙ্খলার কোনো সম্পর্ক নেই।
ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সোহেল,দৈনিক জালালাবাদের বার্তা প্রধান আহবাব মোস্তফা খান, দৈনিক সংগ্রামের ব্যুরো চিপ কবির আহমদ, ইসলামি ছাত্র শিবিরের সিলেট জেলা পশ্চিমের সভাপতি মনিরুজ্জামান প্রিয়াস এবং ইসলামি ছাত্র শিবিরের সিলেট জেলা পূর্বের সভাপতি চৌধুরী মারুফ আহমদ।
এ সময় সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকরা ছাত্রশিবিরের এই আয়োজনের প্রশংসা করে বলেন, “ছাত্রশিবিরের সুশৃঙ্খল আয়োজন ও আদর্শ আমাদের মুগ্ধ করেছে। আমরা আশা করি, ভবিষ্যতেও তারা দেশ গঠনে গঠনমূলক ভূমিকা রাখবে।”