১২ জানুয়ারি ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সারী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর ৩টার দিকে জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়ক সংলগ্ন সারীঘাট দক্ষিণপাড় বেদে পল্লী এলাকার ভাঙনকবলিত স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত তিনজনকে একটি ট্রাকসহ আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার মুচলেকা গ্রহণ করা হয়।
অভিযান শেষে ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশবিরোধী যেকোনো কর্মকাণ্ডে দণ্ড ও জরিমানার বিধান রয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসন নদী ও পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে।