13 January 2026, 5:56 PM
সিলেটের বিশ্বনাথ উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে বলে সন্দেহভাজন ১৬ পিস ভারতীয় কম্বল উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার ১২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লামাকাজি ইউনিয়নের মঙ্গলগিরি গ্রামের মৃত জগম্বর আলীর ছেলে হেলাল মিয়ার বসতঘর থেকে এসব কম্বল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বসতঘরে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হেলাল মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
প্রাথমিক তথ্যে জানা যায়, উদ্ধার করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৬ হাজার টাকা। তল্লাশিকালে হেলাল মিয়ার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, বাংলাদেশ ভারত সীমান্তবর্তী দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজার এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব কম্বল দেশে আনা হয় এবং বিক্রির উদ্দেশ্যে বসতঘরে মজুদ রাখা হয়েছিল বলে তারা ধারণা করছেন।
পুলিশ সূত্রে আরও জানা যায়, হেলাল মিয়ার বিরুদ্ধে পূর্বে সুনামগঞ্জের ছাতক ও বিশ্বনাথ থানায় একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে এবং বিষয়টি আইনানুগ প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার এসআই অনীক বড়ুয়া জানান, সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য সংগ্রহ ও মজুদ করার অভিযোগে পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।